আদানির শেয়ার বাজার নিয়ে বিদেশী দুই সংবাদপত্রের প্রতিবেদনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাহুলের
বাংলার জনরব ডেস্ক: গৌতম আযানের শেয়ার মার্কেট নিয়ে বিদেশি দুই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে ঘিরে প্রধানমন্ত্রীকে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে INDIA জোটের বৈঠকের ঠিক আগে সাংবাদিক বৈঠকে হাজির হন সোনিয়াপুত্র। হাতে সংবাদপত্র নিয়ে এই ঘটনা প্রধানমন্ত্রী মোদির (PM Modi)প্রতি ছুঁড়ে দিলেন প্রশ্ন। কেন এই ঘটনায় ইডি, সিবিআই তদন্ত হবে না? এরপরই তিনি যৌথ তদন্ত কমিটি (JPC) গঠনের দাবি তুললেন।
সাংবাদিক বৈঠকে দুটি বিদেশি সংবাদপত্র হাতে নিয়ে রাহুল গান্ধী দেখান আদানিদের নিয়ে দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যার ফলে প্রভাবিত হয়েছে বাজার। এবং ওই সংস্থাগুলির পিছনে রয়েছে আদানিদের পরিবারেরই সদস্যের হাত। সন্দেহের তির গৌতম আদানির দাদা বিনোদ আদানির দিকে।
এনিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আর তাঁর নিশানায় প্রধানমন্ত্রী। এত বড় দুর্নীতি সত্ত্বেও কেন আদানিকে আড়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন এ বিষয়ে তিনি নীরব? আদানিদের সংস্থার কর্মকাণ্ডের ছাড়পত্র দিয়েছে সেবি (SEBI)। সেই সেবির কর্তা এখন আদানি সংস্থার ডিরেক্টর, এই তথ্য দিয়ে তাঁর প্রশ্ন, কেন তদন্ত করছে না সরকার? ভারত থেকে এই যে কয়েকশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, সেই টাকা কার? প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা। এই দুর্নীতিতে চ্যাং চুং লি নামে এক চিনা নাগরিকও যুক্ত বলে রাহুলের দাবি।

