দেশ 

সাড়ে চার মাস পর সংসদে প্রবেশাধিকার পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দেশ জুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সাড়ে চার মাস পর সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ।

সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।”  সোমবারের অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেয় লোকসভার সচিবালয়।

Advertisement

গত শুক্রবারই শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। সেই বিষয়টি উল্লেখ করেই লোকসভার সচিবালয়ের তরফে বলা হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। প্রসঙ্গত, বাদল অধিবেশন শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে অনাস্থা প্রস্তাবের আলোচনা হবে সংসদে। সেই সময়ে সংসদে রাহুলের উপস্থিতি বেশ অক্সিজেন যোগাবে কংগ্রেসকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে নাচগান করতে শুরু করেন তাঁরা।অন্যদিকে খুশিতে মেতে ওঠেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন তাঁরা। রাহুল গান্ধী সংসদ পদ ফিরে পাওয়ার ফলে কংগ্রেস দল চেয়ে উজ্জীবিত হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এদিকে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার পরে বিজেপি অনেক ফুটে চলে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ