কলকাতা 

‘‘আমি কোনও টাকা নিইনি, সব তাপস মণ্ডলের ষড়যন্ত্র,তাপস আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকার ঘুষ চেয়েছিল, সেই ঘুষ দিইনি, সেই জন্যই আমার এই হাল’’ অভিযোগ কুন্তলের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তাপস মন্ডলকে ঘুষ  না দেওয়ার জন্য তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। আজ শনিবার সকালে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতারের পর নিউটাউনের আবাসন থেকে বেরনোর সময় কুন্তল বলেন, ‘‘আমি কোনও টাকা নিইনি। সব তাপস মণ্ডলের ষড়যন্ত্র। তাপস আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকার ঘুষ চেয়েছিল। সেই ঘুষ দিইনি, সেই জন্যই আমার এই হাল।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমি টাকা নিইনি।’’

কুন্তলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে ইডি সূত্রে খবর। শনিবারই কুন্তলকে আলাদতে তুলতে চাইছে ইডি। তাপসকে ২০১৫-১৬ সাল থেকে কুন্তল চিনতেন বলে জানিয়েছেন।

কুন্তলকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী পিন্টু কাঁড়ার। কুন্তলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত, নথিপত্রে অসঙ্গতির জন্যই কুন্তলকে গ্রেফতার করা হয়েছে। অসঙ্গতি আয়-ব্যয়ের হিসাবে। ইডি সূত্রে খবর, কুন্তলের বাড়ি থেকে প্রচুর নথি, বিশেষত ব্যাঙ্কের নথি উদ্ধার করা হয়েছে। কুন্তলের বিএড কলেজের নথিও যাচাই করে দেখছেন ইডি আধিকারিকরা।

শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে ইডির সিজিও কমপ্লেক্সে কুন্তলকে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর শনিবার সকালে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তলকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে শুক্রবার সকালে সাড়ে ৭টা নাগাদ ইডির দু’টি দল কুন্তলের চিনার পার্ক এলাকার একটি আবাসনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ