মহাসমারোহে হরিনাভি হাইস্কুলে পালিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা : সার্ধশতবর্ষ প্রাচীন ঐতিহ্যমন্ডিত হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল মহা সমারোহে। বিভিন্ন ইভেন্টে আকর্ষণীয় সমস্ত প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল খুবই উৎসাহব্যঞ্জক। ছোট থেকে বড় সকলের জন্য নানা ধরনের দৌড়, লং জাম্প, যেমন খুশি তেমন সাজো, মিউজিকাল চেয়ার ইত্যাদিতে ভরে ছিল সারাদিনের প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র এবং অভিভাবকেরাও।
এদিন ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে ও পুরস্কার প্রদান করতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্র ও ময়দানের প্রখ্যাত ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন ছাত্র জীবনে ক্রীড়া চর্চার অসীম গুরুত্ব, যা আমাদের শেখায় শৃঙ্খলাবোধ, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। সঙ্গে সঙ্গে শেখায় সৌভ্রাতৃত্ববোধ ও সহযোগী মনোভাব।

সাড়ে সাতশোর বেশি ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। সুপ্রাচীন এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন ভারতশ্রী কমল ভান্ডারী, অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র, প্রতাপ ঘোষ, রূপক চৌধুরী-এর মত দেশের দিকপাল ক্রীড়া ব্যক্তিত্বরা।

