জেলা 

গরু পাচার মামলায় আরো ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সহগল হোসেন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সহগল হোসেনকে আবার ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। একই সঙ্গে অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের সিবিআই আধিকারিকদের অনুমতি দিল আদালত।

আজ বৃহস্পতিবার শুনানি চলাকালীন সিবিআইকে অনুমতি দিলেন আসানসোলের বিশেষ আদালত। আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ, সিবিআই আধিকারিকরা চাইলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআইয়ের তরফে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এই অনুমতি দিয়েছে আদালত।

একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, এই মামলায় চার্জশিট দেওয়ার পর আরও ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষী হিসাবে তাঁদেরও নাম রাখা হয়েছে বলেও আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জানুয়ারি।

গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের করা মামলায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল বৃহস্পতিবার। আসানসোল সংশোধনাগার থেকে সকাল ১১টা নাগাদ আসানসোল বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় এর আগে অনুব্রতকে আদালতে পেশ করা হলে আদালত চত্বরে অনুব্রত-অনুগামীদের দেখা মিলত। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল এর বিপরীত ছবি। অনেকটাই খালি ছিল আদালত চত্বর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ