কলকাতা 

আবাস যোজনার দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা বিজেপির, সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে এই রাজ্যে যে দুর্নীতি সীমাহীন ভাবে হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই পশ্চিমবাংলার প্রায় 90% পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ সরব হয়েছে। এই প্রেক্ষাপটে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি গত বাইশে ডিসেম্বর জনস্বার্থে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই মামলার শুনানিতে আজ সব পক্ষের হলফনামা চাইলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত ২২ ডিসেম্বর পুরুলিয়া জেলা বিজেপি (BJP) সভাপতি বিবেক রাঙা কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রধানন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে। তাঁর অভিযোগ ছিল, পুরুলিয়া জেলায় আবাস বণ্টনের জন্য সমীক্ষার কাজ ঠিকমতো হয়নি। দেখা গিয়েছে, যোগ্য অর্থাৎ দরিদ্র মানুষজনের নাম নেই প্রাপকদের তালিকায়। বরং যাদের ঘরবাড়ি আছে, তাদের অধিকাংশের নাম রয়েছে। এই সমীক্ষা পুনরায় করা হোক স্বচ্ছতার সঙ্গে। সেই সময়ে আবাস যোজনা প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বণ্টনে স্থগিতাদেশ দেওয়া হোক। বিবেক রাঙার হয়ে মামলাটি করেন তাঁর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

মঙ্গলবার সেই আবেদন গৃহীত হয় হাই কোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। এই প্রকল্পের সঙ্গে জড়িত সব পক্ষের তরফে রিপোর্ট চান বিচারপতিরা। জানানো হয়, সমস্ত রিপোর্ট-সমেত আগামী ১৬ তারিখ ফের আদালতে হাজির হতে হবে। ওইদিনই পরবর্তী শুনানি। এমনই জানিয়েছেন আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, রাজ্যের যে ক’টি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে তেমন গতি নেই, তার মধ্যে অন্যতম পুরুলিয়া (Purulia)। নবান্নে এই সংক্রান্ত বৈঠকে মুখ্যসচিব পুরুলিয়া জেলার উপর ক্ষুব্ধ হন। এখানে সমীক্ষায়ও গন্ডগোল, আর কাজেও বেনিয়মের অভিযোগ। ভালভাবে কাজের নির্দেশ দেন মুখ্যসচিব। এরপরই জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা এনিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ