কলকাতা 

বিশ্ব নবী-দিবস উপলক্ষে নিউ টাউনে ছাত্র-ছাত্রীদের বিশাল পথ পরিক্রমা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

শেয়ার করুন

নাফিসা ইসমাত : বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সময়-কালকে আরও স্মরণীয় করে রাখতে সারা বিশ্বে রবিউল আউয়াল মাসকে বিশেষ মর্যাদার মাস হিসেবে গণ্য করা হয়। হযরত মুহাম্মদ সা: ছিলেন দয়ার নবী, শান্তির নবী, সকল মানুষের জন্য শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তাবাহক। তাই সম্প্রীতির বার্তা নিয়ে এই দিন চারিদিকে আয়োজন হয় প্রভাত ফেরী, পথ-পরিক্রমা, সেমিনার ও মিলাদ-মাহফিল।

১২ রবিউল আউয়াল অর্থাৎ আগামী রবিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলকাতার নিউটাউন অঞ্চলের যাত্রাগাছিতে ছাত্র-ছাত্রীরা আয়োজন করেছে এক সুদৃশ্য পথ-পরিক্রমা। যেখানে সমবেত হবে এক হাজার থেকে বারোশো শিশু-কিশোর। তাদের হাতে থাকবে রং-বেরঙের পোস্টার। যেখানে মহান নবীর বার্তা থাকবে, সঙ্গে থাকবে পবিত্র কোরআনেরও বার্তা। জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য আবশ্যক, জ্ঞান অর্জন করতে প্রয়োজনে চলে যাও শুধু চীন দেশেও, সম্পদ মানুষকে চিন্তিত করে তোলে আর জ্ঞান মানুষকে চিন্তামুক্ত করে, জ্ঞানী মানুষের এক ঘণ্টা জ্ঞান চর্চা – ঘন্টার পর ঘন্টা এবাদত এর চেয়েও মূল্যবান। এরকম নানান সুদৃশ্য পোস্টারে ভরিয়ে দেবে সেদিন শিশু কিশোরের দল।

এই নিয়ে চরম ব্যস্ত এখন আব্দুল কাইয়ুম, রাজাকুল ইসলাম এবং তার দলবলেরা।

এই দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে আকর্ষণীয় এক সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানালেন বিশিষ্ট শিক্ষক ও প্রকৌশলী মোশাররফ আলি। সম্প্রীতির এই অনুষ্ঠানে মুসলমানদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ও সার্বিকভাবে এগিয়ে আসছেন বলে জানালেন তিনি, উপস্থিত থাকবেন শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন পেশার বিশিষ্ট অতিথিবর্গ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঘুনি-যাত্রাগাছির যুবকবৃন্দও। শিক্ষামূলক এই সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন দানবীর মহসিন লাইব্রেরির সদস্যবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ