গুজরাটের সুরাট থেকে ৩১৭ কোটি জাল নোট উদ্ধার,বিরোধীদের সমালোচনার মুখে মোদি – শাহ
বাংলার জনরব ডেস্ক: গুজরাটের সুরাট থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে ৩১৭ কোটি।সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে, সুরাটের পুলিশ আমেদাবাদ-মুম্বই হাইওয়েতে পারদি গ্রামের কাছে ডিকরি এডুকেশন ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্স আটকে ২৫ কোটি টাকার জাল নোট ভরতি ছ’টি বাক্স উদ্ধার করে।
মঙ্গলবার এসপি হিতেশ জয়সার জানান, তদন্তে এখনও পর্যন্ত ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকার জাল নোট মিলেছে। আটক হওয়া অ্যাম্বুলেন্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে জানিয়েছিল যে অ্যাম্বুলেন্সে পাওয়া জাল নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত অর্থ ছিল। এরপর হিতেশের বাড়ি থেকে ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জামনগরের ডিএসপি প্রেমসুখ দেলু জানান, হিতেশের বাড়িতে ১৯টি বাক্স থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে। আসল টাকায় ১৭টি শনাক্তকরণ চিহ্নের মধ্যে শুধুমাত্র ১৪টিই এই নোটগুলির সঙ্গে মেলে। এই বিপুল জাল নোট কোথায় ছাপা হচ্ছে এবং কোন চ্যানেলে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মোদির রাজ্যে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হওয়ায় কংগ্রেস সহ সব বিরোধী দল তীব্র সমালোচনা করেছে।

