দেশ 

ভারতের অন্যতম প্রাচীন হেরিটেজ মর্যাদা পাওয়া কর্নাটকের মাহমুদ গাওয়ান মাদ্রাসায় জোর করে ঢুকে পুজো করলো হিন্দুত্ববাদীরা

শেয়ার করুন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের বিদারের মাহমুদ গাওয়ান মাদ্রাসাটি (Mahmud Gawan Madrasa) প্রায় ছয়শো বছর আগে প্রতিষ্ঠিত হয় ১৪৬০ সালে। এই মাদ্রাসাটিকে হেরিটেজ তকমা দিয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archeological Survey of India)। এমনকী, এই সৌধটি জাতীয় সৌধের মর্যাদাও পেয়েছে। এ হেন মাদ্রাসায় ভিতরে ঢুকে দশেরার দিন পুজো করার অভিযোগ উঠল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। অভিযোগ দশেরার দিন অর্থাৎ বুধবার রাতে অতর্কিতে একদল হিন্দুত্ববাদী যুবক ওই মাদ্রাসায় ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের মারধর করে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়। শোনা যায় ‘হিন্দু ধর্মের জয় হোক’ স্লোগানও। পুজোপাঠও করা হয়।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অবশ্য ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় মুসলিম সংগঠনগুলি। তাদের দাবি, পুলিশ প্রশাসন সতর্ক থাকলে এই কাণ্ড ঘটত না। শুক্রবারের মধ্যে সব অভিযুক্ত গ্রেপ্তার না হলে, পথে নেমে বিক্ষোভ দেখানোর হুমকিও দিয়েছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি।

AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) এই ঘটনার জন্য সরাসরি কর্ণাটকের বিজেপি সরকারকে তোপ দেগেছেন। ওয়েইসির প্রশ্ন,”মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই (Bsabraj Bommai) কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে দিলেন? বিজেপি (BJP) এই ধরনের ঘটনায় উসকানি দিচ্ছে শুধু মুসলিমদের অবমাননা করার জন্য।”

সৌজন্যে ডিজিটাল সংবাদ প্রতিদিন

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ