BJP MP: রানাঘাটের বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, উত্তেজনা
বাংলার জনরব ডেস্ক : রানাঘাটের সাংসদের গাড়ির উপর হামলা নিয়ে বিতর্ক চলছে রাজ্য জুড়ে। গতকাল রাতেই কল্যাণীতে রাতে কাশ্মীর ফাইল সিনেমাটি দেখে ফেরার সময় তার গাড়ির সামনের হামলা হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, কল্যাণী থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন জগন্নাথ। অভিযোগ, হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে একটি বোমা ফাটে। বিজেপি সাংসদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছে।

জগন্নাথ অভিযোগ করে বলেন, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরাই আমাকে নিশানা বানিয়েছে। এর আগেও আমার উপর হামলা হয়েছে। এ বারও তাই হল। ওরা বিরোধীদের বাঁচতে দিতে চায় না।’’ বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের পাল্টা দাবি, জগন্নাথ যে ওই পথ দিয়ে যাবেন, তা কি তিনি তৃণমূলকে জানিয়ে রেখেছিলেন? তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘জগন্নাথবাবু অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সাজিয়েছেন। এর পর থেকে চিত্রনাট্য আরও ভাল করার দিকে মন দিতে বলব।’’
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই বিরোধী সাংসদের গাড়িতে হামলা হয়। আমরা গোটা ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাচ্ছি।’’
এদিকে সাংসদ জগন্নাথ সরকারের উপর হামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। রাজ্যজুড়ে একের পর এক গুণ এবং মানুষের উপর হামলার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সচেতন নাগরিকদের দাবি সাংসদ জগন্নাথ সরকার এর উপর হামলার সঠিক তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

