উত্তর-পূর্বাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বাংলার জনরব ডেস্ক : আরএসএস প্রধান মোহন ভাগবত আগামী ৩১ শে জানুয়ারি সোমবার ৩দিনের সফরে কলকাতায় আসছেন। বঙ্গ বিজেপির তীব্র অন্তর্দ্বন্দ্বের মধ্যে মোহন ভাগবতের পশ্চিমবঙ্গ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছেন। মোহন ভাগবত শুধু একা নন এবারের সফরে মোহন ভাগবতের সঙ্গে আরএসএস-এর প্রথম সারির সাত জন নেতা আসছেন বলে খবর পাওয়া গেছে। আগামী মঙ্গলবার ও বুধবার অর্থাৎ ১ ও ২ ফেব্রুয়ারি কলকাতার কেশব ভবন আরএসএস প্রধান উত্তর-পূর্বাঞ্চলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এই বৈঠক থেকেই রাজ্য বিজেপির কাছে কোন বিশেষ বার্তা আরএসএস প্রধান দেন কিনা সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।সূত্রের খবর, মার্চে আহমেদাবাদে আসন্ন আরএসএসের (RSS) কার্যকারিণী বৈঠকের প্রস্তুতি হিসাবে কলকাতায় এই চিন্তন শিবিরে আসছেন মোহন ভগবত-সহ আরএসএসের শীর্ষস্থানীয় ৮ পদাধিকারী। এঁদের মধ্যে অন্যতম হলেন সরকার্যবহ দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale)। আসছেন অরুণ কুমার-সহ ৬ জন যুগ্ম সরকার্যবহ। যুগ্ম সরকার্যবহ অরুণ কুমারই (Arun Kumar) সর্বভারতীয় স্তরে সংঘ ও বিজেপির মধ্যে সমন্বয় সাধনের কাজটি করে থাকেন।
নির্দিষ্ট কোনও এজেন্ডা না থাকলেও সংঘের ওই টোলিতে পূর্ব ভারতের সাংগঠনিক বিস্তার নিয়ে আলোচনা হবে। আগামী এক বছর সংঘের কাজকর্মের নীল-নকশা নিয়েও কথা বলবেন শীর্ষ পদাধিকারীরা। এই বৈঠক মূলত কেন্দ্রীয় স্তরের, তাতে রাজ্যস্তরের নেতারা উপস্থিত থাকবেন না।
কেশব ভবন সূত্রের খবর, সরসংঘচালকের এবারের সফর পুরোটাই সাংগঠনিক। মূলত এই টোলি বৈঠকের জন্যই শহরে আসছেন মোহন ভগবত। সূচি অনুযায়ী বিজেপি (BJP) নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কোনও কথা নেই। রীতি অনুযায়ী সংঘপ্রধান কোনও রাজ্যে সফরে গেলে সেখানকার বিশিষ্টজনদের সঙ্গে দেখা করে থাকেন। যদিও করোনা আবহে সেটা সম্ভব হবে কিনা স্পষ্ট নয়।
বিজেপি সূত্রের দাবি, দলের রাজ্য সভাপতি, সাংগঠনিক সাধারণ সম্পাদক-সহ কয়েকজন শীর্ষ নেতা সংঘপ্রধানের সঙ্গে দেখা করতে যেতে পারেন।

