কলকাতা 

ইউটিউবার দীপক বেপারীকে আদালতে হাজির করা গিয়ে ডিম ছোড়াকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও আইনজীবীদের ধস্তাধস্তিতে উত্তাল ব্যাঙ্কশাল কোর্ট চত্বর!

শেয়ার করুন

ইউটিউবার দীপক ব্যাপারিকে আদালতে হাজির করাতে গিয়ে বৃহস্পতিবার ধুন্ধুমার বাধল ব্যাঙ্কশাল আদালত চত্বরে। অভিযুক্তের উদ্দেশে ডিম ছোড়াকে কেন্দ্র করে বিক্ষোভকারী এবং আইনজীবীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আদালত চত্বরে দীপককে দেখামাত্রই স্লোগান দিতে শুরু করেন কয়েক জন বিক্ষোভকারী। অভিযুক্তকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। আদালত চত্বরের মতো জায়গায় ডিম ছোড়াতে আপত্তি জানান আইনজীবীদের একাংশ। বারণ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা না শোনায় দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছোয়।

অভিযোগ, ডিম ছোড়ার প্রতিবাদ করায় প্রথমে দুই আইনজীবীকে মারধর করেন বিক্ষোভকারীরা। এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইনজীবীদের একাংশ পাল্টা তাড়া করে এক বিক্ষোভকারীকে ধরে ফেলেন। পরিস্থিতি সামলাতে পুলিশ হস্তক্ষেপ করে।

দীপক ব্যাপারির বিরুদ্ধে অভিযোগ মূলত দু’টি। পুলিশের তরফে জানানো হয়েছে, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সেই মামলার জেরেই এ দিন তাঁকে আদালতে পেশ করা হয়।

তবে দীপকের বিরুদ্ধে রয়েছে আরও একটি গুরুতর অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে খবর, দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দারা। অবশেষে গত সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তামিলনাড়ুর কোয়মবত্তূর থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ। দীপক মূলত ফেসবুক ও ইউটিউবে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত এবং তীক্ষ্ণ বক্তব্য পেশ করার জন্য পরিচিত ছিলেন। তাঁর সেই সমস্ত বিতর্কিত মন্তব্য ও কার্যক্রম কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসার পরেই এই পদক্ষেপ করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ