শনিবার ভোরে বর্ধমান মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক করোনা রোগীর
বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ বর্ধমান মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন লাগে অগ্নিদগ্ধ হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই রোগের নাম সন্ধ্যা মন্ডল বাড়ি পূর্ব বর্ধমানের গলসিতে।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার ভোর রাতে এই আগুন লাগে। এক জন কোভিড রুগী প্রথম আগুন দেখতে পান। তার পর তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, ‘‘এই ঘটনা খুবই দুঃখজনক। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।’’
অন্য দিকে, মৃতার মেয়ে রানু মণ্ডলের বলেন, ‘‘আমাদের ঢুকতে দিলে মা-কে বাঁচানো যেত।’’
তবে শট সার্কিট থেকে আগুন লাগেনি বলেই প্রাথমিক তদন্তের পর অনুমান দমকলের। দমকলের এক আধিকারিক দীপক সেন বলেন, ‘‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন আগুন নিয়ন্ত্রণে। কোভিড ওয়ার্ডের বিছানার উপর দেশলাই এবং লাইটার ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে সম্পূর্ণ তদন্তের আগে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব না।’’
হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয় শত্রুঘ্ন মণ্ডলের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী-সহ অন্য কর্মীরা ঘুমোচ্ছিলেন। তাঁরা ডাকাডাকি করার পরই এই কর্মীরা তৎপর হন বলেও তিনি জানান।

