জেলা 

মারছে বিজেপি মার খাচ্ছে বিজেপি গোষ্ঠী কোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শাসকদল বিজেপির অন্দরমহলে গোষ্ঠী কোন্দল তীব্র থেকে তীব্রতর হয়েছে। এরাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি দানা বেঁধেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে বিজেপি বনাম বিজেপির লড়াই। অর্থাৎ আদি বিজেপি বনাম নব্য বিজেপির এ লড়াইয়ে খুনো খুনি মারামারি হয়ে চলেছে। কয়েকদিন আগে পানিহাটিতে দলের গোষ্ঠীকন্দলে খুন হলেন এক বিজেপি কর্মী।

এই পরিস্থিতিতে এবার সরাসরি মুখ খুললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি রবিবার বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত মিলন উৎসবের মঞ্চ থেকে দলের একাংশ এবং পুলিশ প্রশাসনকে নিশানা করেন।

শান্তনুর অভিযোগ, বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁর কথায়, “এখানে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন। যাঁরা মারছে তাঁরা বিজেপি। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে। তাঁরা নিরপেক্ষ ভাবে কাজ করছেন না।” কয়েকজন নেতার কথায় প্রশাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “প্রশাসন শিক্ষা দিয়ে ছাড়ব।” দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও সরব হন শান্তনু। তিনি বলেন, “এখানে বিভাজন তৈরি হচ্ছে। তার ফলে বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।”

বিধানসভা ভোটের পর বিজেপির একাংশের নেতা তৃণমূল নেতাদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শান্তনুর হুঁশিয়ারি, “তৃণমূলের সবকটা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।” মিলন উৎসবের আয়োজনের কারণ হিসেবে সমতার অভাবের কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় দেখা মেলেনি বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। কেন অনুপস্থিত? এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ