মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা!
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজি করার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দলেরই মণ্ডল সহ-সভাপতি। শনিবার গ্রেফতার করার পর রবিবার পূর্ব মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয় অভিযুক্ত ব্যক্তি অভিজিৎ করণকে। ধৃতের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ নেই।
অভিজিৎ বিজেপির নন্দকুমার-১ মণ্ডলের সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে ৬ কোটি টাকার তোলাবাজির অভিযোগ উঠেছে। নন্দকুমার থানা এলাকার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয়ের অভিযোগ, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি চাকরিতে মেধা একমাত্র মাপকাঠি হিসেবে ধার্য হয়েছে। অথচ, তাঁর নাম ভাঙিয়ে আমাদের ওই নেতা (অভিজিৎ) উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করার লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছেন। দলের অন্যতম শীর্ষনেতা সুনীল বনশলের সঙ্গে সাক্ষাত করিয়েছেন। তার পর আমার কাছ থেকে ১২লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি।”
অভিজিতের বিরুদ্ধে এ-ও অভিযোগ যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কখনও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কখনও ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬ কোটি টাকা তুলেছেন। এই প্রসঙ্গে নন্দকুমার থানার ওসি বলেন, “শনিবার দুপুর সাড়ে ৩টের সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আপাতত অভিজিৎকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

