জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট!
ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপরে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে।
বাড়ি ভাঙার প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন জেলবন্দি জাহাঙ্গির। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটি উঠলে তিনি জানিয়েছিলেন, আগামী সোমবার ফের শুনানি হবে। ততক্ষণ বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখতে হবে। পাশাপাশি, বাড়ি ভাঙার প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কিছু প্রশ্ন তুলে বিচারপতি ঘোষ নোটিস দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভিডিয়ো রেকর্ডিংও তলব করেছিলেন।
সোমবার শুনানিপর্বে বিচারপতি ঘোষের বেঞ্চ জানিয়েছে, রাজ্যের তরফে জমা পড়া স্থিরচিত্রে সন্তোষজনক নয় তাই জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখার নির্দেশের মেয়াদ বাড়ানো হল। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। জাহাঙ্গিরের ‘বেআইনি বাড়ি’ ভাঙার ক্ষেত্রে দু’পক্ষের হলফনামা তলব করেছে হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, ওই বাড়িতে নোটিস দিতে যাওয়া ব্যক্তিরা বাড়ি চিহ্নিত করেননি। ছবিতে শুধু একটি ‘কোলাপসিবল গেট’ দেখা যাচ্ছে। যদিও নোটিস দেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিধি মানার কথা থাকলেও সে সব মানা হয়নি বলে অভিযোগ জাহাঙ্গিরের আইনজীবীদের।

