রক্ষকই ভক্ষক! থানায় অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা! গ্রেফতার অভিযুক্ত সাসপেন্ড ৫ আধিকারিক! ঝাড়খন্ডের ঘটনায় দেশজুড়ে শোরগোল!
বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডের মর্মান্তিক ঘটনা ঘটেছে । এক মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভিতরেই ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। থানার এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত আধিকারিক-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গত ২৯ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে সরাইকেলা-খারসওয়ান জেলার গামহারিয়া থানায়।
নির্যাতিতা অভিযোগপত্রে দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। আশঙ্কা ছিল স্বামী তাঁকে মারধর করতে পারেন। তাই নিজের বাড়ি না ফিরে তিনি এক প্রতিবেশীর বাড়িতে ওঠেন। সেখান থেকে পুলিশের হেল্পলাইনে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে একটি পিসিআর ভ্যান আসে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ এক বিবৃতি জারি করে দাবি করেছে, মহিলাকে থানায় নিয়ে আসার পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাঁকে একটি ঘরে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেন। অভিযোগ, সেই সময় ওই থানার ওয়্যারলেস অপারেটর মহিলাকে ধর্ষণ করেন। পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি সরাইকেলার এসডিপিও অনুভব ভরদ্বাজকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। এসডিপিও-র রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়। গামহারিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ পাঁচ জনকে সাসপেন্ড করা হয়। ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলিকে রাঁচীতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ঝাড়খণ্ডে। বিরোধী দল রাজ্য বিজেপির সভাপতি আদিত্য সাহুর অভিযোগ, রাজ্যে এই ধরনের ঘটনা আকছার ঘটছে। নিরাপত্তার বদলে পুলিশই আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

