ভোরে গাইঘাটায়,বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে এনকাউন্টার! খতম দুই অভিযুক্ত!
বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার ভোরে উত্তর 24 পরগনার গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত এন কাউন্টারে মারা যান এই ঘটনার কয়েক ঘন্টা পর অর্থাৎ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে এনকাউন্টারের খুন হলেন আর এক আসামি। সিআইডি-কে তদন্তে বাধা দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে এনকাউন্টার করা হয় বলে খবর। মৃতের নাম শামাউল শেখ। ফরাক্কার ঘোড়াইপাড়ায় তার বাড়ি। মাস দুই আগে ধুলিয়ানের বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে খুনের অভিযোগে কারাবাসে ছিল শামাউল।মঙ্গলবার সিআইডির গুলিতে মৃত্যু হল তার।
সেপ্টেম্বরের প্রথম দিকে সামশেরগঞ্জে বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। তাঁর দেহ মেলেনি। পায়ের একাংশ পাওয়া গিয়েছিল গঙ্গার ধারে। সেই ঘটনায় মুর্শিদাবাদ জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরে পুলিশ আধিকারিকদের বদলি করা হয়। তদন্তে নেমেই পুলিশ শামাউল শেখ-সহ তিনজনকে গ্রেফতার করে। পরে এই হত্যাকাণ্ডের তদন্তভার যায় সিআইডি-র হাতে। জেলবন্দি ছিল শামাউল ও বাকি দু’জন। মঙ্গলবার সিআইডি আধিকারিকরা তদন্তের জন্য তাকে ধুলিয়ান বাজারের কাছে ডাকবাংলো মোড়ে নিয়ে যেতেই ঘটে যায় এই ঘটনা।
সিআইডি সূত্রে খবর, ধুলিয়ান বাজারে শামাউল তদন্তকারীদের বাধা দিয়ে তাঁদেরই সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় আত্মরক্ষার্থে গুলি চালান আধিকারিকরা। গুরুতর জখম হয় শামাউল। তাকে স্থানীয় অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

