দেশ 

মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সৌরভ আশুতোষ!

শেয়ার করুন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লির স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়ে এসেছেন যে, তাঁরা যন্তর মন্তরে আর কোনও আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাঁদের যে কোনও আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে। সাত দিন তিহাড়ে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁরা মুক্তি পেয়েছেন। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই।

যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সৌরভেরা সেখানে ঢোকেন। রাঙ্কা, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং দলের অন্য সমর্থকেরা। জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তাঁরা। প্রত্যেককেই আটক করা হয়েছিল। বাকিদের ছেড়ে দিলেও রাঙ্কা ও সৌরভকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জেলমুক্তির আগে আদালতে লিখিত ভাবে একই বয়ান দিয়েছেন দু’জন।

রাঙ্কা ও সৌরভ একই বয়ানে লিখেছেন, ‘‘আমি শান্তি ভঙ্গ না করার প্রতিশ্রুতি দিচ্ছি। বিচারবিভাগের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আগামী দিনে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রেখে চলব। স্পষ্ট ভাবে জানাচ্ছি যে, আইন অনুযায়ী যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে তুলে নেওয়ার ঘোষণা বাতিল না হওয়া পর্যন্ত আমি সেখানে কোনও প্রতিবাদ কর্মসূচির ডাক দেব না। ভবিষ্যতে কোনও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হলে তা সংবিধানের কাঠামো মেনেই পরিচালিত হবে।’’ এই লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুই সিজেপি নেতার জামিন মঞ্জুর করেছে আদালত। তবে বিচারক জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

বুধবার সিজেপি নেতাদের বিচারবিভাগীয় হেফাজত বৃদ্ধির আবেদন করেছিল দিল্লি পুলিশ। কিন্তু আদালত তাঁদের জামিন দিয়েছে। জেলমুক্তির নির্দেশের পর আদালত থেকে বেরোনোর সময় মুখ খোলেন সৌরভ। বলেন, ‘‘সত্যের জয় হল।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ