দেশ 

‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল দিল্লি পুলিশ

শেয়ার করুন

আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। কিন্তু তার আগেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা প্রধান অভিজীত দিপকের দিল্লির আবাসন ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী।

এক পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে দিপকের দাবি, তাঁকে তেরঙা-কর্মসূচি বাতিল করতে বলা হচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোফায় বসে দিপকে ওই পুলিশ আধিকারিককে প্রশ্ন করছেন— ‘‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’’ বৃহস্পতিবার ককরোচ বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি পুলিশ বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস চত্বরে চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ছাড়ের তালিকায় যে দিপকে নেই, তা তাঁর বাড়িতে অভিযানেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।

ককরোচদের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে দিল্লির একটি ব্যবসায়ী সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও অবশ্য বিফল হয়েছে। শীর্ষ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেছে, ‘‘আমরা আশা করছি, শুভবুদ্ধির জয় হবে।’’ দিল্লির ব্যবসায়ীদের জীবিকার অধিকার রক্ষার আর্জি জানিয়ে দায়ের করা ওই মামলার শুনানি দশেরার পরে আগামী ২৬ বা ২৭ অক্টোবর হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ