শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড!
শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড! সোমবার সকালে স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছোন দমকল, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকেরা। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ করছে।
সোমবার সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্ট বা খাওয়ার জায়গায় একটি খাবারের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অবশ্য স্পষ্ট নয়। এই ফুডকোর্টের সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে যাওয়ার প্রবেশপথ। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রচুর যাত্রী স্টেশন চত্বরে ছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পৌঁছেই দমকলকর্মীরা গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে ফেলেন। অপেক্ষাকৃত সরু পথ দিয়েই শিয়ালদহ দক্ষিণ এবং মেন শাখার দিকে যেতে হয় যাত্রী এবং ট্যাক্সিচালকদের। ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের মতো জনবহুল জায়গায় আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদের আশঙ্কা ছিল। তবে দমকল সূত্রে খবর, আগুন পুরোপুরি না নিবলেও এখন নিয়ন্ত্রণে। কী কারণে ওই খাবারের দোকানে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রথমে অবশ্য আগুন নেবানোর কাজে দমকলকে বেশ বেগ পেতে হয়। কারণ স্টেশন থেকে পর্যাপ্ত জল পাওয়া যায়নি বলে জানিয়েছেন দমকলকর্মীরা। বিকল্প জায়গা থেকে জল এনে কাজ শুরু করতে হয় তাঁদের। দমকলের তরফে এ-ও জানানো হয়েছে, ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি।

