রাজবাড়ির আভিজাত্যে সেজে উঠেছে ডিটিসি সাদার্ন হাইটস আবাসনের দুর্গাপুজো, ষষ্ঠ বছরে পদার্পণ
বিশেষ প্রতিনিধি : রাজকীয় আভিজাত্য, ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে এ বছর দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে জোকার ডায়মন্ড হারবার রোডের ডিটিসি সাদার্ন হাইটস আবাসনের পুজো। চলতি বছরে ষষ্ঠ বছরে পদার্পণ করল আবাসনের এই দুর্গোৎসব। এবারের পুজোর মূল ভাবনা রাজবাড়ির চিরন্তন সৌন্দর্য ও স্থাপত্যশৈলী।
রাজবাড়ির ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। জাঁকজমক, প্রতিসাম্য এবং ঐতিহ্যের মেলবন্ধনে রাজকীয় পরিবেশ গড়ে তোলা হয়েছে। তবে এই আয়োজন কেবল স্থাপত্যের সৌন্দর্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির পারিবারিক আবেগ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দেবী দুর্গার প্রতি গভীর ভক্তি।
মা দুর্গাকে এখানে শুধুমাত্র দেবী বা দিব্যশক্তির প্রতীক হিসেবে নয়, বরং পরিবারের পরম আদরের কন্যা হিসেবেও তুলে ধরা হয়েছে।
পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখার্জি।
পুজো কমিটির সভাপতি অসীম কুমার শীল এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বেহেরা বলেন, এ বছর তাঁদের আবাসনের পুজো ষষ্ঠ বছরে পদার্পণ করায় এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়াও মহানায়ক উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে বিশেষ শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে। ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধনে এবারের দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।

