আমির খানের ভাগ্নে ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ মুম্বাই পুলিশের
বলিউড তারকা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস! আগামী ২৮ অক্টোবরের মধ্যে ‘জানে তু ইয়া জানে না’ অভিনেতাকে দেশ ছাড়তে বলল মুম্বই পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সমর্থন করে প্রতিবাদে যোগ দেওয়ার মাসুল গুনছেন অভিনেতা।
ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
গত ১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে যে প্রতিবাদ মিছিল হয়, সেখানে যোগ দেন ইমরান। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন, তুতো বোন জ়েন মেরি খান। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সে দিন ওই প্রতিবাদস্থল থেকে প্রায় ৬০০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ইমরান, লেখা ও জ়েনও ছিলেন।
তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছিল, গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়। এর মধ্যে ছিল ২২৩ ধারা — কোনও নির্দেশ অমান্য করা, ১২৬(২) ধারা — অন্যায় ভাবে কাউকে বাধা দেওয়া এবং ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারা — বেআইনি জমায়েত সংক্রান্ত অভিযোগ। পুলিশকর্মীরাই এই ঘটনায় অভিযোগ দায়ের করেন।
গত শনিবার আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভিতর থেকে নিজের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেন ইমরান। ছবির সঙ্গে মজার ছলে তিনি লেখেন, “মনে হচ্ছে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি!” এর পর পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায় অভিনেতাকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অন্য একটি ভিডিয়োয় নিজের আটক হওয়ার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, “সত্যি বলতে, কেন আমাকে আটক করা হয়েছে, তা আমি জানি না। ওঁরা আমাদের সকলকে রাস্তা থেকে তুলে ভ্যানে বসতে বলেন।” অভিনেতা আরও জানান, মুক্তি দেওয়ার আগে তাঁকে এবং অন্যদের প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের ভ্যানে ঘোরানো হয়েছিল।

