দেশ 

পড়ুয়াদের বিরুদ্ধে এফ আই আর খারিজ করা হোক সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

শেয়ার করুন

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ অংশগ্রহণকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জিতে এ বার সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। সোমবার দুপুরেই এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। ঘটনাচক্রে, আগামী শনিবার ফের রাস্তায় নামার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সিজেপির অভিযোগ, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজ-সহ তিন দফা প্রতিশ্রুতি এখনও পূরণ করেনি কেন্দ্র। তার প্রতিবাদে শনিবার, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিলের ডেকেছে এই অরাজনৈতিক সংগঠন।

বস্তুত, নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে সিজেপির নেতৃত্বে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার রেশ ছড়িয়ে পড়েছিল কলকাতা, মুম্বই-সহ দেশের বিভিন্ন শহরে। দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে সে সময়ে আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছিল। পরবর্তী সময়ে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের জেরে ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান।

ধর্মেন্দ্রের ইস্তফার পরে কেন্দ্রের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসেন সিজেপি নেতৃত্ব। বৈঠক শেষে তাঁরা জানান, কেন্দ্র তাঁদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই বিশ্বাস থেকেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন বলে ঘোষণা করেন সিজেপি নেতৃত্ব।

তবে এক মাস পেরিয়ে যাওয়ার পরেও তিনটি প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। নিট ঘিরে অব্যবস্থার জেরে যে পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিল সিজেপি। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারেরও দাবি জানায়। একই সঙ্গে দিল্লি পুলিশ এবং র‌্যাফ-কে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছিল তারা।

তবে সিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রাথমিক ভাবে সব দাবিকেই মান্যতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এক মাস পরেও তাঁদের এই তিন দাবি মানা হচ্ছে না। এ অবস্থায় আগামী শনিবার ফের মিছিলের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকেরা।

ঘটনাচক্রে, সিজেপির ওই প্রতিবাদ মিছিল আটকাতে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত আধিকারিক ওই মামলাটি করেন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। তবে বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। আদালত জানায়, সিজেপির ওই প্রতিবাদ কর্মসূচির জন্য আইনশৃঙ্খলার অবনতি হবে বলে এখনই ধরে নেওয়া যায় না। প্রধান বিচারপতির বেঞ্চ এ-ও জানায়, সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং আইন মেনে চলবে বলেই আশা করছে তারা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ