নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!
সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় চলছে ভারী বৃষ্টি। খুব শীঘ্র আবহাওয়ার বদল হচ্ছে না রাজ্যে। নিম্নচাপ অঞ্চল এখনও দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে। তার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা ঝড়জলের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে ভারী বর্ষণ।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার দুপুর ১টায় যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, নিম্নচাপ অঞ্চল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। ওই অঞ্চলে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এর প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।
মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে হলুদ সতর্কতা। ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হলেও মঙ্গলবার থেকে সেই সংক্রান্ত কোনও নিষেধাজ্ঞা নেই।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি আপাতত থামছে না। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

