প্রচ্ছদ 

চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ‘স্বাধীনতা সংগ্রামে নদিয়া’ প্রদর্শনীর উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা: ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) নদিয়া জেলার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ‘হর ঘর তিরঙ্গা’ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে দুটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হয়। কলেজের ইন্টারনাল কোয়ালিটি এসেসমেন্ট সেল (আইকিউএসি)-এর আয়োজনে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন’-এর অধীনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের অন্তর্ভুক্ত অন্যতম কর্মসূচি ছিল এদিনের দুটি বিশেষ প্রদর্শনী, যার কোঅর্ডিনেটর ছিলেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. দীপাঞ্জন দে।

একটি প্রদর্শনীর বিষয় ছিল ‘ভারতের জাতীয় পতাকার ইতিহাস’, যেখানে চিত্র ও সংক্ষিপ্ত বিবরণের মধ্যে দিয়ে ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়। আর দ্বিতীয় প্রদর্শনীটি ছিল ‘স্বাধীনতা সংগ্রামে নদিয়া’। এই প্রদর্শনীর মধ্যে দিয়ে কলেজ কর্তৃপক্ষ নদিয়া জেলার স্বল্পালোচিত স্বাধীনতা-সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অধ্যাপক ড. দীপাঞ্জন দে বিগত কয়েকদিন ধরে প্রদর্শনী দুটি তৈরি করেন এবং এদিন সেটি সকলের সম্মুখে উপস্থাপিত হয়। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. নিরঞ্জন গুহ এদিন মধ্যাহ্নে প্রদর্শনী দুটির উদ্বোধন করেন।

তাঁর বক্তব্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের বিশেষ প্রদর্শনী আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়টি উঠে আসে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বরাজ বক্সী। কলেজের শিক্ষার্থীদের সম্যক জ্ঞান ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রদর্শনী দুটি সমগ্র আগস্ট মাস জুড়ে কলেজ প্রাঙ্গণে প্রদর্শিত হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ