প্রচ্ছদ 

এনআরএস হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ! রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

শেয়ার করুন

এনআরএস হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হল নার্সের দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোনও ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হতে পারে তাঁর মৃত্যুর কারণ।

,হাসপাতাল সূত্রে খবর, রাতে এইচডিইউয়ের নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পরই ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান ওই নার্স। ঘণ্টাখানেক পরেও তিনি নার্সিং স্টেশনে না ফেরায় সহকর্মীরা শৌচালয়ের দরজার কাছে গিয়ে তাঁর নাম ধরে ডাকতে থাকেন। কোনও সাড়াশব্দ না পাওয়ায় রাত সাড়ে ১০টা নাগাদ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় নার্সের দেহ উদ্ধার করেন তাঁরা। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের বেডে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই নার্সের।

বস্তুত, রোগীদের ঘুম পাড়ানোর জন্য ফেন্টানিল ব্যবহার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এই ওষুধ নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ইনজেক্ট করা হয়েছে অনুমান করছেন চিকিৎসকেরা।

দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এ বার ফের কলকাতার এক সরকারি হাসপাতালে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক নার্সের।

আরজি কর কাণ্ডের পরে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিল তৎকালীন সরকার। তবে গত দু’বছরে তা কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। গত মার্চে আরজি করে লিফ্‌ট দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ওই মাসেই আরজি করে স্ট্রেচার না পেয়ে হেঁটে হেঁটে দোতলার শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয় অসুস্থ প্রৌঢ়ের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ