জেলা 

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার!

শেয়ার করুন

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬)। এসেছিলেন হায়দরাবাদ থেকে। কর্মসূত্রেই আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টারে থাকতেন তিনি। বুধবার বেলার দিকে কোয়ার্টারে তাঁর ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, সকাল থেকে দীপকের সাড়া পাওয়া যাচ্ছিল না। কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং কোয়ার্টারের নিরাপত্তারক্ষীদের সাহায্যে সংশ্লিষ্ট ঘরে ঢোকে। সেখানে দীপককে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসের ভিতর বি সি রায় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দীপকের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত তাঁর ঘরটি সিল করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে হায়দরাবাদে তাঁর পরিবারকেও। সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী, কোয়ার্টারের অন্যান্য বাসিন্দা এবং দীপকের সহকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তাঁর ঘরেও তল্লাশি চলছে। দীপকের পারিবারিক কোনও সমস্যা ছিল কি না, কর্মক্ষেত্রে তিনি কোনও সমস্যায় পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এ প্রসঙ্গে বলেন, ‘‘এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কী ভাবে বা কী কারণে মৃত্যু, তদন্ত করে দেখা হচ্ছে।’’ তবে অধ্যাপকের রহস্যমৃত্যু প্রসঙ্গে আইআইটি কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ