ধর্মতলায় সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের জালে মুর্শিদাবাদের ৩!
ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে সাড়ে ১৪ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) নারকোটিক সেল। মাদক পাচারের অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের তিন বাসিন্দাকে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ময়দান থানা এলাকায় হানা দেন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিক ও কর্মীরা। ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি সাইট অফিসের (সাউথ ডিভিশন) কাছ থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়। ধৃতেরা হল আব্দুল হক ওরফে বাবু (৪৮), অঞ্জু শেখ (৩২) এবং আতাবুর শেখ। এদের মধ্যে আব্দুল ও অঞ্জু মুর্শিদাবাদের ইসলামপুর থানার কেশবপুর এলাকার বাসিন্দা এবং আতাবুরের বাড়ি ওই জেলারই রানিতলা থানার নন্দীগ্রাম গ্রামে।
তল্লাশি চালিয়ে ওই তিন জনের যৌথ হেফাজত থেকে মোট ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার হয়। সাক্ষী এবং গেজ়েটেড অফিসারের উপস্থিতিতে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে ও ভিডিয়োগ্রাফি করে ওই মাদক বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর পরেই গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের সাব-ইনস্পেক্টর প্রশান্তকুমার রায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ময়দান থানায় এনডিপিএস আইনের ২০(বি)(২)(বি) এবং ২৯ ধারায় মামলা (মামলা নম্বর ১২৯) রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওড়িশার কালাহান্ডি জেলার নর্লা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছিল ধৃতেরা। কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে তা বিক্রি করাই ছিল তাদের লক্ষ্য। বৃহস্পতিবার ধৃত তিন জনকেই আদালতে পেশ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

