বেসরকারি বিএড কলেজ পরিচালকদের বড় ধাক্কা! ২৭৫ টি বি এড কলেজকে অযোগ্য ঘোষণা করল রাজ্য
রাজ্য সরকার ২৭৫টি বিএড কলেজকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্বীকৃতি নবীকরণ করতে পারবে না এই বিএড কলেজগুলি।
উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন শিক্ষাকে কোনওভাবেই পণ্য করতে দেওয়া হবে না। এবং শিক্ষার গুণমান বজায় রাখতে হবে। সেই মতো উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে কঠোর পরিদর্শন ড্রাইভ চালায়। প্রথম দফায় ১৫৬টি বিএড কলেজকে ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল। মানদণ্ড পূরণ করতে পারেনি এমন ৪১৫টি বিএড কলেজকে পরিকাঠামো উন্নয়নের জন্য ২১ দিনের শোকজ নোটিস পাঠানো হয়। তার মধ্যে ৯টি কলেজ কোনও জবাব দেয়নি।”
দ্বিতীয় দফার পরিদর্শনের পর ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ২৩৭টি বিএড কলেজে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। বাকি ২০৫টি কলেজ গুণমান পূরণ করতে পারেনি। আর সে কারণে সেখানে পড়ুয়া ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী এদিন আরও জানান, ২৬৫টি আইটিআইয়ের মধ্যে ১৪টি, ১৩৪টি ফার্মা কলেজের মধ্যে ৩৮টি এবং ৭৪টি পলিটেকনিকের মধ্যে ১টিতে ছাত্র ভর্তি স্থগিত রাখা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যত। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “রাজ্যে একসঙ্গে ২৭৫টা বিএড কলেজ বন্ধ হলে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। এতো কলেজের সাথে যুক্ত কর্মচারী ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। যোগ্য শিক্ষক প্রার্থীরও অভাব হবে। অবিলম্বে সরকারের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করা।”

