দুর্গা পুজোর পাস বিলিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার ধ্রুবজ্যোতি বসু,জামিন পেলেন না
মাস আর্ট সংস্থাকে কাজে লাগিয়ে দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। বৃহস্পতিবার ধ্রুবজ্যোতির আইনজীবী আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করেছেন। তাঁকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জাল নথির দাবি করলেও প্রমাণ দেখাতে পারেনি। অভিযোগকারীর আইনজীবীর যদিও দাবি, ধৃত ধ্রুবজ্যোতিই আসলে কিংপিন। তাঁর পাশাপাশি সরকারি আইনজীবীও ধৃতের জামিনের বিরোধিতা করেন। সব পক্ষের বক্তব্য শুনে ১৩ নভেম্বর পর্যন্ত ধ্রুবজ্যোতিকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। ওই মামলায় ধৃত ইন্দ্রনীল সেনের কন্যা লালবাজারে হাজিরা দিয়েছেন।
অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় হুমকি পেয়েছেন বলে অভিযোগ। তিনি বেহালা থানার দ্বারস্থ হয়েছেন। কলকাতার পুলিশ কমিশনারকেও ইমেল করেছেন।
দুর্গাপুজোর পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে মাস আর্ট সংস্থার নাম উঠে এসেছে। ওই সংস্থার মাথায় ছিলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন। পুলিশ সূত্রে খবর, মাস আর্ট সংস্থাটি ধ্রুবজ্যোতি এবং ইন্দ্রনীলের মস্তিষ্কপ্রসূত ছিল। এই সংস্থার মাধ্যমে দুর্নীতির জাল বুনেছিলেন তাঁরা।
বুধবার গ্রেফতার হন ধ্রুবজ্যোতি। আইনজীবী বৃহস্পতিবার আদালতে দাবি করেন, পুলিশ তাঁর মক্কেলকে গ্রেফতার করেনি। তিনি আত্মসমর্পণ করেছেন। তাঁর সওয়াল, ‘‘লালবাজারের পাশের বিল্ডিং থেকে শুভকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আমার মক্কেল আত্মসমর্পণ করেছেন। তিনি পুলিশের কাছে যাওয়ার আগে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ইমেল করেছিলেন।’’ ওই আইনজীবী জানান, শুভ আগে থেকে একটি আবেদন সুপ্রিম কোর্টে করেছেন। পুলিশকে ইমেল করে তদন্তে সহযোগিতা করতে চান বলেও জানিয়েছিলেন। পুলিশ এই মামলায় জাল নথির দাবি করলেও এখনও কোনও প্রমাণ দেখাতে পারেনি। তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করতে চান বলেও জানিয়েছেন।
অভিযোগকারী জয়দীপের আইনজীবীর সওয়াল, এই মামলায় প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। ইন্দ্রনীল তাঁর স্ত্রীকে সামনে রেখে দুর্গাপুজোর ‘বাণিজ্যিকীকরণ’ (কমার্শিয়াল) করে ফেলেছিলেন। ওই আইনজীবী বলেন, ‘‘ইউনেস্কো আমাদের জানিয়েছে, ওদের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক নেই।’’ তাঁর দাবি, শুভই ‘কিংপিন’। বিভিন্ন জিনিস দেখিয়ে টাকা তুলেছেন। এগুলি তদন্তের আওতায় আনতে হবে। ধৃতের জামিনের বিরোধিতা করেন তিনি।
সরকারি আইনজীবীও ধ্রুবজ্যোতির জামিনের বিরোধিতা করেছেন কোর্টে। তিনি সওয়ালে বলেন, ‘‘ইন্দ্রনীলেরা বলছেন ওঁদের সঙ্গে ইউনেস্কোর চুক্তি হয়েছিল। সেই চুক্তি ২০২৫ সালের। তার আগে থেকে জালিয়াতি করে লোগো ব্যবহার করেছেন।’’ সব পক্ষের বক্তব্য শোনার পরে ধ্রুবজ্যোতিকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

