কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বৃহত্তম আন্দোলনের পথে সিজেপি!
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সব দিক থেকে ঘিরে ফেলতে চায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি বৃহত্তর মঞ্চ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে তারা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার সিজেপি-র নেতৃত্ব দেখা করেছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে। নিট-বিক্ষোভের জেরে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের নিশানা করে পুলিশি এফআইআর এবং ধরপাকড়ের বিরুদ্ধে কেন্দ্রকে চাপে ফেলতে কৃষক সংগঠনের সহায়তা চেয়েছেন তাঁরা। দিল্লিতে তাঁদের আন্দোলন চলাকালীন কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিক বার যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভে হাজির হয়েছিলেন রাকেশ।
ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সিজেপি-র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘‘আশা করছি, আমাদের কৃষক ভাইরা, ছাত্রছাত্রীরা এবং এই দেশের তরুণ প্রজন্ম মোদী সরকারকে সব দিক থেকে ঘিরে ধরতে একসঙ্গে কাজ করবেন।’’ সূত্রের খবর, বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কী ভাবে তরুণ প্রজন্ম এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কৃষকদের এক মঞ্চে আনা হবে, বৃহত্তর মঞ্চের মাধ্যমে মোদী সরকারের বিরোধিতা করে কী ভাবে গুরুত্বপূর্ণ দাবিদাওয়া আদায় করা যাবে, তার কৌশল স্থির করার চেষ্টা করেছে সিজেপি এবং বিকেইউ।
শিক্ষায় দুর্নীতি এবং নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লিতে দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি-র আন্দোলনের প্রধান দাবি ছিল সেটাই। এ ছাড়াও দু’টি দাবি তারা সরকারের কাছে জানিয়েছিল— এক, নিট বাতিলের কারণে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দুই, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না-করার নিশ্চয়তা। মন্ত্রীর পদত্যাগ এবং বাকি দুই ক্ষেত্রে আশ্বাস পাওয়ার পরেই সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছিল।

