দুপুর হতেই কলকাতার আকাশ মেঘে ঢাকা পড়ল, চলছে প্রবল বৃষ্টি
দুপুর হতেই কলকাতার আকাশ মেঘে ঢাকা পড়ল। ঘনঘন বাজও পড়তে শুরু করে। তার পরই শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। মাঝে দু’-এক দিন রেহাই মিললেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহান্ত পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
গত মঙ্গলবার কলকাতা সাক্ষী থেকেছিল ভয়ঙ্কর দুর্যোগের। দুপুর হতেই শুরু হয় ঘনঘন বজ্রপাত। তার পরই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয় মহানগরীর রাস্তাঘাট। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও আবার রাস্তার উপর গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। যদিও পুরসভা পরিস্থিতি সামলাতে দ্রুত তৎপর হয়। রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয় ১০ জনের।কোচবিহারে বাজ পড়ে প্রাণ হারান দু’জন। মুর্শিদাবাদের ধুলিয়ানে চার জন। মালদহে দু’জন। এবং পুরুলিয়ায় দু’জনের মৃত্যু হয়েছিল।

