কলকাতা 

দল বিরোধী ও তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো ‘আসল তৃণমূল’

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল কংগ্রেসকে এবার নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর বিধায়করা। নিজেদেরকে আসল তৃণমূল দাবি করে আজ সোমবার বাইশে জুন দলবিরোধী কাজকর্ম এবং তোলাবাজি করার অপরাধে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সাসপেন্ড করলো আসল তৃণমূল বলে দাবি করা, ঋতব্রত গোষ্ঠী।

সোমবার বিকেলে ঋতব্রতর নেতৃত্বে নিউটাউনের নামী পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশনে হাজির হলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। তাতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, মমতার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল ঋতব্রতপন্থী তৃণমূল। ঘোষণা হল নতুন কমিটিও।

এই নয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়েছেন হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ।৩০ জনকে নিয়ে নবগঠিত কমিটি সাধারণ সম্পাদক হলেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষ হয়েছেন আখরুজ্জামান খান।এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কে? যদিও বারবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, তৃণমূলনেত্রী পরামর্শদাতা হিসেবে থাকুন।

সোমবার নিউটাউনের পাঁচতারা হোটেলে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনের ব্যানার আমূল বদলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ব্যানারে রয়েছে গান্ধী, রবীন্দ্রনাথ, আম্বেদকরের ছবি। তৃণমূল কংগ্রেসের প্রতীক থাকলেও মমতা-অভিষেকের ছবি নেই। এদিনের অধিবেশনে যোগ দিয়েছেন তিন জেলার জনপ্রতিনিধিও। হাজির বীরভূমের কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়রা। মুর্শিদাবাদ, বহরমপুর, দমদম, উত্তরপাড়া-সহ একাধিক পুরসভার বোর্ড ভেঙে যাওয়ায় কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলররা যোগ দিয়েছেন এদিন।

সূত্রের খবর, সোমবার বিধানসভায় বাজেট পেশের পর দলের প্রাক্তন কাউন্সিলর, বিধায়ক-সহ ঋতব্রত শিবিরের সব নেতাকে বিকেলে পাঁচতারা হোটেলে হাজিরার জন্য হুইপ জারি করেছিলেন মুখ্য সচেতক আখরুজ্জামান। সেইমতো বাজেটের পরই তাঁরা সেখানে পৌঁছে যান। বিশেষ অধিবেশনে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম সর্বসম্মতিক্রমে পাশ হয়। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত, এবার সেই জায়গাতেই বসছেন হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক।

এখন প্রশ্ন দেখা দিয়েছে এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে নিজেদের দখলে রাখতে পারবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ