কলকাতা 

তপসিয়ার অগ্নিকাণ্ডে চামড়া কারখানার মালিক গ্রেফতার

শেয়ার করুন

তপসিয়ার অগ্নিকাণ্ডে চামড়া কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জাফর নিশার।

মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। সকলেই ওখানে কাজ করছিলেন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, মঙ্গলবার পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে সমস্যায় পড়েন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুনের তেজ বেশি থাকায় তাঁদের বেগ পেতে হয়। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন। আরও তিন জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের চিকিৎসা চলছে।

মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন। তিনি জানান, যে বহুতলে আগুন লেগেছে, সেটা বেআইনি। দমকলের অনুমতিপত্র ছিল না। ওই বহুতলে চামড়ার কাজ হত। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘুষ নিয়ে এ ভাবে বিল্ডিং তৈরির অনুমতি দিয়েছে। মমতার সরকারে পুর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম। অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, তাঁর দফতরের অনুমতি ছাড়া কি এ ভাবে ব্যবসা করছে কেউ? তিনি কি জানতেন না? উল্লেখ্য, তপসিয়ার ঘটনার তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ