এসআইআর ও নাগরিক বাঙালির সংকট: ‘রোডম্যাপ’ পত্রিকার বিশেষ সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান সময়ের অন্যতম জ্বলন্ত ইস্যু ‘এসআইআর’ (SIR) এবং তার ফলে সৃষ্ট নাগরিক বাঙালির সংকট নিয়ে এক মনোজ্ঞ অনলাইন সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল ‘রোডম্যাপ’ পত্রিকা। গত ১লা মে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা বাঙালির এই অস্তিত্বের সংকট মোকাবিলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

সেমিনারের প্রধান বক্তা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও লেখক তাপস কান্তি বিশ্বাস পরিসংখ্যান তুলে ধরে মিডিয়ার একাংশের প্রচারকে চ্যালেঞ্জ জানান। তিনি দাবি করেন, “মিডিয়া প্রচার করছে যে শুধুমাত্র মুসলিম ভোটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু বাস্তব চিত্র বলছে ডিলিটেড (বাতিল) ভোটারদের দুই-তৃতীয়াংশই হিন্দু সম্প্রদায়ভুক্ত।”

প্রধান অতিথি অধ্যাপক ও কবি ড. সেখ জাহির আব্বাস নির্বাচন কমিশন ও আদালতের ভূমিকার সমালোচনা করে বলেন, “কমিশন ও আদালতের টানাপোড়েনে সাধারণ ভোটাররা আজ অথৈ জলে। ডিলিট হয়ে যাওয়া ভোটারদের মধ্যে যে চরম হতাশা ছড়িয়েছে, তা দূর করা জরুরি।” অন্যদিকে, পশ্চিমবঙ্গ মাদ্রাস বোর্ডের প্রাক্তন সচিব রেজানুল করিম প্রশাসনের বৈষম্যমূলক আচরণের দিকে আঙুল তুলে বলেন, গ্রামীণ বাঙালির ভাষা না বোঝা অবাঙালি অফিসাররা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি আরও বলেন, “বিজেপি-তৃণমূলের অপরাজনীতির দায় কেন সাধারণ মানুষ বইবে?”

আলোচনায় লেখক ও সমাজকর্মী চারিয়ান মাহাত বাঙালির বর্তমান রাজনৈতিক জড়তাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এক কোটি লোক ভোট দিতে পারল না, অথচ আমরা এসআইআর বাতিলের আন্দোলন তো দূরের থাক, ভোট বয়কটের সাহসটুকুও দেখাতে পারলাম না।” সেমিনারে উঠে আসে এবারের নির্বাচনের এক ভয়াবহ নেপথ্য কাহিনী। বক্তারা দাবি করেন, ভোটে কোনো মৃত্যু হয়নি—মেইনস্ট্রিম মিডিয়ার ছড়ানো এই কথাটি ডাহা মিথ্যা। ভোটের চাপে বহু বিএলও-র মৃত্যু হয়েছে এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে বহু সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রাণবন্ত এক সাহিত্য সভা। কবি আরেফা গোলদারের চমৎকার সঞ্চালনায় বিভিন্ন কবি ও সাহিত্যিকরা তাঁদের স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করেন। এই পর্বে বাঙালির জীবন সংগ্রামের নানা রূপ উঠে আসে লেখনীর মাধ্যমে। এই পর্বে অংশ নেন, কবি শামশাদ বেগম, পরিমল বিশ্বাস, কিশোরী মন্ডল, কবিতা বল, মুহা. জিয়াউল হক, দিলদরিয়া পত্রিকার সম্পাদক সাবিকুন নাহার প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ‘রোডম্যাপ’ পত্রিকার সম্পাদক এম. এম. আব্দুর রহমান। তিনি ভোটাধিকার রক্ষা ও এসআরই আর পক্রিয়ায় নাগরিক হয়রানির বিরুদ্ধে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে প্রতিবাদ আন্দোলন চলতে তাতে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও গল্পকার স্বামিমা আসমান। সভায় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইসমাইল দরবেশ, মুবাইদুল ইসলাম, দীপনারায়ন মন্ডল, বিধান চন্দ্র তাঁতি, সমীরণ বিশ্বাস, কবি আবদুস সালাম সহ আরও অনেক বরেণ্য ব্যক্তিত্ব। রাত ৮টায় শুরু হওয়া এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয় রাত সাড়ে ১০টায়।
উক্ত সেমিনারটি নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয়েছে।

