কলকাতা 

দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর দফতরের হানা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাসবিহারীর বিদায় বিধায়ক ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে শুক্রবার ভোর থেকে আয়কর দফতর তল্লাশি শুরু করেছে।।

তল্লাশি অভিযান চলছে তাঁর নির্বাচনী কার্যালয়ে। দুই জায়গাতেই বর্তমানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ের বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Advertisement

কী কারণে দেবাশিসের বাড়িতে শুক্রবার আয়কর দফতর হানা দিয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে সম্প্রতি অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে রাসবিহারীর বিদায়ী বিধায়ককে। জমি দখল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি।

রাসবিহারী কেন্দ্রে এ বার দেবাশিসের বিপরীতে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। এই আসনে এ বার ভাল ফল হবে বলে আশা করছে বিজেপি। এরই মধ্যে শুক্রবার ভোরে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশও।

মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়ির অদূরেই রয়েছে তাঁর নির্বাচনী কার্যালয়। এই দুই জায়গাতেই তল্লাশি চলছে। পাশাপাশি মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। এই পার্টি অফিসটি ঘিরেই বিক্ষোভ শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

মতিলাল নেহরু রোডের ওই পার্টি অফিসটির উপরের বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটি দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসাবে পড়ে বালিগঞ্জের মধ্যে। তৃণমূলের কর্মীদের দাবি, এই পার্টি অফিস থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। পার্টি অফিসে তল্লাশির খবর পেয়েই তৃণমূলের কর্মীরা জড়ো হন সেখানে। বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীরা ‘ফাইল চুরি’র অভিযোগ তুলতে থাকেন সেখানে। স্লোগান ওঠে, “ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত জবাব দাও”!

বর্তমানে সেই পার্টি অফিসের গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ভিতরে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা। পরিস্থিতি সামলাতে পার্টি অফিসটির দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন, তাঁকেও ভিতরে ডেকেছেন আধিকারিকেরা। বাইরে তৃণমূলের বিক্ষোভরত কর্মীদের মধ্যে একজন বলেন, “না জানিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। এখানে আমাদের বিএলএ-দের সমস্ত ফাইল আছে। এজেন্টদের ফাইল আছে। সমস্ত ফাইল কপি করা হচ্ছিল। প্রতিটি ফাইল চুরি করে বিরোধী পক্ষের প্রার্থীর হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত। আমরা এলাকার লোকেরা এসে ধরেছি। তার পরে এখন আমাদের (ভিতরের পরিস্থিতি) দেখানোর জন্য ডেকেছে।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ