কলকাতা 

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

শেয়ার করুন

বর্ষা যেন বিদায় নিয়েও নিচ্ছে না! দুর্গাপুজোর মধ্যেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। ফলে পুজোর আনন্দ মাটি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শেষ দিকে আর বৃষ্টি হবে না। আবহাওয়া ক্রমশ শুকনো হয়ে আসবে।

পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে। তাই ওই দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখতে হবে অবশ্যই। বৃষ্টি হতে পারে যখনতখন। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কোথাও নেই।

১৫ অক্টোবর, পঞ্চমী: দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৬ অক্টোবর, ষষ্ঠী: দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে ওই দিনও বিক্ষিপ্ত ভাবে হালকা বর্ষণ হতে পারে।

১৭ অক্টোবর, সপ্তমীর প্রথম দিন: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে।

১৮ থেকে ২২ অক্টোবর, সপ্তমীর দ্বিতীয় দিন থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে সর্বত্র।

উত্তরবঙ্গে পঞ্চমী পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ষষ্ঠীতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সপ্তমীর প্রথম দিন, অর্থাৎ, শনিবার ওই তিন জেলার পাশাপাশি ভিজতে পারে আলিপুরদুয়ারও। রবিবার দার্জিলিং ও কালিম্পঙে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, অর্থাৎ অষ্টমী থেকে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ