আনন্দপুরে শুকনো খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভানোর কাজে ১২ দমকলের ইঞ্জিন
আনন্দপুরে শুকনো খাবারের গুদামে অগ্নিকাণ্ড। রাত ৩টে থেকে আগুন জ্বলছে। এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভিতরে কয়েক জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১২টি ইঞ্জিন।
আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। মজুত রাখা হত ঠান্ডা পানীয়ের বোতলও। কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।

দমকল সূত্রে খবর, রাত ৩টে নাগাদ তাদের কাছে খবর আসে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে গিয়েছিলেন। রাতের ডিউটির কর্মীদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি দমকল। আগুন না-নেবা পর্যন্ত তা বলা সম্ভব হবে না। নিখোঁজ এক জনের আত্মীয় বলেন, ‘‘গুদামে আমার জামাই ছিল। এখানে রাতের ডিউটি করে ও। রাত ৩টের সময় ফোন করে বলেছে, আমাকে বাঁচাও! আমরা তখনই এসেছিলাম। কিন্তু কাউকে খুঁজে পাইনি। এখনও খুঁজে পাইনি। এখনও আগুন জ্বলছে। দমকলের লোক বলছে, আগুন না নিবলে কিছু বলা যাবে না।’’ গুদামের এক কর্মী বলেন, ‘‘আমাদের তিন জন ভিতরে আটকে পড়েছেন। তাঁদের এখনও কোনও খোঁজ পাইনি। শেষ বার ওদের সঙ্গে যখন কথা হয়েছে, ওরা বলেছিল দেওয়াল ভেঙে বেরোনোর চেষ্টা করছে। তার পর আর যোগাযোগ করা যায়নি।’’
গুদামের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ছ’ঘণ্টা পেরিয়ে গেলেও আগুনের দাপট কমেনি। গুদামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকে দেখা যাচ্ছে তার লেলিহান শিখা। ঘটনাস্থল কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছে দমকল।

