কলকাতা 

মল্লিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

সোমবার সকালে মল্লিক বাজার এর কাছে চার তলা ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলকর্মীরা। তাঁরা আগুন নেবানোর চেষ্টা করছেন।

মল্লিকবাজারে একটি ঘিঞ্জি এলাকার মধ্যে রয়েছে ওই ভবনটি। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে ভবনের ভিতরে কারও আটকা পড়ে থাকার খবর নেই। সূত্রের খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফাঁকা করে দেওয়া হয় আশপাশের কিছু ভবনও।

Advertisement

স্থানীয় বাসিন্দারাই আগুন লাগার খবর দেন দমকলে। ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। মল্লিকবাজারের এই ভবনটি ঘিঞ্জি এলাকার মধ্যে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। পাশের একটি ভবন থেকে আগুন নেবানোর চেষ্টা করছেন তাঁরা।

চারতলা ওই ভবনটিতে শর্ট সার্কিটের থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আগুন লাগার পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে ভবনের অন্য অংশে। তা থেকে অনুমান করা হচ্ছে ভবনটির মধ্যে প্লাস্টিক বা কোনও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। যদিও দমকলের থেকে এ বিষয়ে নিশ্চিত ভাবে কোনও মন্তব্য করা হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ