উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুধু তাই নয়, এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা। উত্তরবঙ্গেও আগামী ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর পিলানি দাতিয়া রেওয়া রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সতর্কতা পাঁচ জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।

উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ তেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

