দেশ 

প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন, উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা: দেশের বিজ্ঞানী মহলে খুশির হাওয়া। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লেইন’ পদক পেলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অশোক সেন।

এই পদক এর আগে পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগস, হান্স বেথ, এডওয়ার্ড উইটেনের মতো বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা। এবার সেই তালিকায় জুড়ল কলকাতার প্রাক্তনী অশোক সেনের নাম। ১৯৮৮ সাল থেকে সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হচ্ছে। মূলত থিওরেটিক্যাল ফিজিক্স ও কসমোলজিতে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এখনও পর্যন্ত মাত্র ৩৮ জন বিজ্ঞানী এই পদক পেয়েছেন। আদতে কলকাতার বাসিন্দা অশোক প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) প্রাক্তনী। সেখান থেকে স্নাতক শেষ করে তিনি আইআইটি কানপুরে যান। পরে নিউ ইয়র্কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। স্ট্রিং থিওরির অন্যতম পথিকৃৎ হিসেবে বিশ্বে পরিচিত ৭০ বছর বয়সী এই বিজ্ঞানী।

তিনি এর আগেও ডিরাক মেডেল ও ইনফোসিস প্রাইজ পেয়েছেন। ১৯৯৮ সালে স্বয়ং স্টিফেন হকিং তাঁকে রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে মনোনীত করেছিলেন।

কর্মজীবনে তিনি মুম্বইয়ের টিআইএফআর এবং প্রয়াগরাজের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর অধীন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস (আইসিটিএস)-এ কর্মরত। পাঁচ বছর আগে তিনি সেখানে যোগ দেন।অশোক সেনের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত আইসিটিএস-এর ডিরেক্টর রাজেশ গোপাকুমার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ