কংগ্রেসের পথেই সংস্কার বিজেপির! মহারাষ্ট্রের ছাত্র-ছাত্রীদের জন্য বড় অংকের ভাতা ঘোষণা সরকারের
বাংলার জনরব ডেস্ক : ভোট বড় বালাই ! সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের ইস্তেহারকে ভোটারদের ঘুষ দেওয়ার সঙ্গে তুলনা করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল বিজেপি দল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বিভিন্ন নির্বাচনী সভায় দাঁড়িয়ে কংগ্রেস দলকে এবং তার ইশতেহার কে নিয়ে নানা রকম কটাক্ষ করতেন। গরিব মানুষদের জন্য ভাতা ঘোষণার যে প্রকল্প কংগ্রেসের ইশতেহারে ছিল তাকে রাবড়ি বলে কটাক্ষ করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। আর আজ নির্বাচনের বাধ্যবাধকতায় দেশের মানুষের কাছে শবক শেখার পর পাল্টে গেছেন নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার ছাত্র-ছাত্রীদের জন্য বড় অংকের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে।
আর কয়েক মাস পরেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের শিবসেনা শারদ পাওয়ারের এন সি পি এবং কংগ্রেস যৌথভাবে যে জয়ী হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এই পরিস্থিতিতে শেষ রক্ষা হিসাবে বিজেপি জোট সরকার একাধিক ভাতা প্রকল্প ঘোষণা করল মহারাষ্ট্রের জন্য।

মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা ও এনসিপি-র জোট সরকার চলছে। আজ বুধবার একনাথ শিন্ডে সরকার ঘোষণা করেছে, বারো ক্লাসের পরীক্ষায় পাশ করলেই সরকার ৬ হাজার টাকা করে ভাতা দেবে ছাত্রছাত্রীদের। ডিপ্লোমার ছাত্রছাত্রীদের ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আর স্নাতক পাশ করা ছেলেমেয়েরা মাসে ১০ হাজার টাকা করে ৬ মাস পাবে। অর্থাৎ ৬০ হাজার টাকা দেওয়া হবে।
উনিশের লোকসভা ভোটে মহারাষ্ট্রে স্যুইপ করেছিল বিজেপি-শিবসেনা। কিন্তু গত পাঁচ বছরে প্রথমে শিবসেনার সঙ্গে সম্পর্ক ছেদ, পরে শিবসেনা ও এনসিপিতে ভাঙন ধরিয়ে বিজেপি ভেসে থাকার চেষ্টা করেছে। অথচ লোকসভা ভোটে দেখা গেছে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আসনে জিতেছে কংগ্রেস। সাবেক জাতীয় দল ১৩টি আসনে জিতেছে। শিবসেনা উদ্ধব শিবির জিতেছে ৯টি আসনে। আর শরদ পাওয়ারের এনসিপি জিতেছে ৮টি আসনে। মহারাষ্ট্রে লোকসভার ৪৮টি আসন রয়েছে। তার মধ্যে ৩০টি জিতে নিয়েছে কংগ্রেস, উদ্ধব, শরদ পাওয়ারের জোট।
এতেই এখন সিঁদুরে মেঘ দেখছে একনাথ শিন্ডে সরকার। এমন নয় যে এই সব ভাতা ঘোষণা অভিনব। পশ্চিমবঙ্গে ক্লাস টেন পাশ করলেই ছেলেমেয়েরা ১০ হাজার টাকা করে ভাতা পায়। সেই সঙ্গে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যবস্খা রয়েছে। যাতে মাত্র ৪ শতাংশ হারে শিক্ষা ঋণ দেওয়া হয়।

