“মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন কী করতে চলেছি” রাজ্যকে হুঁশিয়ারী রাজ্যপালের
বাংলার জনরব ডেস্ক: রাজভবনের সঙ্গে বিকাশ ভবনের লড়াই যে তীব্র থেকে তীব্র হচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে যেভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই কার্যত হুমকির সুরে রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন,”মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন কী করতে চলেছি।”
অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নবান্ন-রাজভবন সংঘাত অব্যাহত। রাজ্যের মনোনীত কাউকে কেন উপাচার্য হিসাবে নিযুক্ত করা হল না, তার কারণও বিশ্লেষণ করেছিলেন রাজ্যপাল। সরকার মনোনীত উপাচার্যদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেছিলেন তিনি। ছাত্রীদের হেনস্তা করার মতো অভিযোগও করেছিলেন সিভি আনন্দ বোস। শুক্রবার তার পালটা জবাব দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কটাক্ষ করেন।

রাজ্যের সাংবিধানিক প্রধান ‘পুতুলখেলা খেলছেন’ বলেও দাবি করেন। তাঁকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনাও করেছিলেন। শনিবার এই প্রসঙ্গেই প্রশ্ন করা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বেশ হাসিমুখেই প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, “আমি যা করছি তার জন্য গর্বিত। আমার আচরণে আমি খুশি। মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন, কী করতে চলেছি।” কী পদক্ষেপ করতে চলেছেন রাজ্যপাল, সেদিকেই নজর সকলের।

