জেলা 

‘এত চোর এবং ধান্দাবাজ দলে থাকতে পারে, আমার জানা ছিল না,এরাই আবার বড় বড় নেতাদের প্রিয়’পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে নিজের দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন বাংলার রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ।গ্রাম বাংলা যার দখলে থাকবে এই রাজ্যের ক্ষমতায় সেই আসীন থাকবে ।এটা বাস্তব সত্য। তাই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে অশান্তির ছায়া বিদ্যমান। কিন্তু ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন শাসকদলের কাছে যেন কাল ছায়া হিসাবে অবতীর্ণ হয়েছে।

দলের মধ্যে চোরা স্রোত যেমন রয়েছে একই রকম ভাবে বেশ কয়েকজন বিধায়ক প্রকাশ্যে দলের বিরোধিতা করে চলেছেন। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সমস্ত স্তরে শাসকদলের মধ্যেই অন্তরঘাতের সম্ভাবনা প্রবল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের ঠিক ২৪ ঘন্টা আগে দলের তীব্র সমালোচনা করলেন হুগলি জেলার বলাগড় এর তৃণমূল বিধায়ক বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি।

Advertisement

শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে লিখেছেন,‘এত চোর এত ধান্ধাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না৷ জানা ছিল না সেই চোর ধান্ধাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়।’

তিনি আরো লিখেছেন, ‘এক তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, আবার ভোটের পরে বিজেপি থেকে তৃণমূলে ফেরা এক নেতা বলাগড়ে এসে প্রেস মিটিং করে গেলেন। আমি বলাগড়ের জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক। আমাকে তিনি একটা খবর দেওয়ার প্রয়োজন আছে সেটা মনে করলেন না। কারা তাঁকে ঘিরে বসেছিল বলাগড়ের মানুষ দেখেছেন। তাঁদের সবাই চেনেন, তাই আমি কিছু বলতে চাই না। সব ভোটের বাক্স খুললে বোঝা যাবে। সব জবাব মানুষ ভোটের বাক্সে দেবেন।’

এই ফেসবুক পোস্টেই ব্লক সভাপতির সঙ্গে নিজের দূরত্বও সামনে এনেছেন তৃণমূল বিধায়ক৷ নির্বাচন ব্যয় বাবদ দলীয় প্রার্থীদের জন্য বরাদ্দ টাকা ব্লক সভাপতি বণ্টন না করলে তার দায় তিনি নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারি৷

সম্প্রতি দলের পক্ষ থেকে এই বিধায়ককে মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল সে প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, ‘আমার নাম মনোরঞ্জন ব্যাপারি। আমার জিভে তালা মারবে সে তালা আজও তৈরি হয়নি। সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি কিন্ত কোনও কিছুর জন্য সত্য ন্যায় আদর্শ থেকে বিচ্যুত হব না।’

তবে এই প্রথম নয়, এর আগেও বলাগড়ের দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন মনোরঞ্জন ব্যাপারি৷ তার পরে দলের পক্ষ থেকে তাঁকে সতর্কও করা হয়েছিল৷ কিন্তু ফের পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন শাসক দলকে বড়সড় বিতর্কে ফেললেন মনোরঞ্জন ব্যাপারি।

পঞ্চায়েত ভোটের ঠিক একদিন আগে যেভাবে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দলি ত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি তা যে এই বাংলার সাধারণ তৃণমূল কর্মীদের কথা তার বলার অপেক্ষায় রাখে না। রাজনৈতিক মহল মনে করছেন তৃণমূল বিধায়কের আজকের এই বিস্ফোরক মন্তব্য পঞ্চায়েত ভোটে অনেকটাই প্রভাব ফেলতে পারে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ