দেশ 

প্রেমের পথে বাধা স্বামী!প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর! ধৃত ২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রেমের পথে বাধা স্বামী।  পথের কাঁটাকে সরিয়ে দিতে হবে। তাই তাঁকে সরিয়ে দিতে ছুরি নিয়ে হামলা চালানো হয়। একের পর এক কোপ। তার পর পালিয়ে যান হামলাকারী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্ত্রী এবং তাঁর প্রেমিক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। দিল্লির বসুন্ধরা এলাকার ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বসুন্ধরা সেক্টর ১-এ স্ত্রী প্রিয়া শর্মাকে নিয়ে থাকতেন শশাঙ্ক কাঁঠারিয়া। দু’জনেই চাকরি করেন। চার বছর আগে বিয়ে হয় শশাঙ্ক-প্রিয়ার। তবে এটি ছিল প্রিয়ার দ্বিতীয় বিয়ে। উত্তরপ্রদেশের ঝাঁসীর বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে স্ত্রীকে নিয়ে থাকতেন শশাঙ্ক। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সকালে দৌড়োতে বেরিয়ে জিম প্রশিক্ষক প্রতাপ সিংহের সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। কিছু দিন পর প্রতাপের জিম সেন্টারে ভর্তি হন প্রিয়া। ৭-৮ মাস ধরে জিমে যাচ্ছিলেন তিনি। ফলে সেখান থেকে তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। প্রেমের সম্পর্কও তৈরি হয়।

দু’জনের মধ্যে হোয়াট্‌সঅ্যাপে নিয়মিত কথা হত। শরীর খারাপের বাহানায় মাঝেমধ্যেই অফিস না গিয়ে বাড়িতে থাকতেন প্রিয়া। শশাঙ্ক কাজে বেরিয়ে গেলে প্রতাপকে বাড়িতে ডেকে আনতেন প্রিয়া। মাঝেমধ্যেই প্রিয়া অসুস্থতার বাহানায় অফিসে না যাওয়ায় সন্দেহ হয় শশাঙ্কের। তিনি নজরদারি শুরু করেন। তখনই তিনি জানতে পারেন প্রিয়া বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল, তিনি আর কেউ নন প্রিয়ার জিম প্রশিক্ষক প্রতাপ। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তিও হয়। শশাঙ্ক স্থির করেছিলেন দিওয়ালির পর বসুন্ধরা এলাকা ছেড়ে প্রিয়াকে নিয়ে অন্যত্র চলে যাবেন। কিন্তু প্রিয়া সেটা মেনে নিতে পারেননি। গত ২৫ অক্টোবর প্রিয়া এবং প্রেমিক প্রতাপ দেখা করেন। সেই সময়েই তাঁরা শশাঙ্ককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। ২৬ অক্টোবর সকালে অফিসে তাড়াতাড়ি বেরিয়ে যান প্রিয়া। বাড়ির দরজা খোলা রেখে যান। তখন বাড়িতে ছিলেন শশাঙ্ক। প্রিয়া বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই প্রতাপ আসেন। ঘরে ঢুকে আচমকাই শশাঙ্কের উপর ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ। শশাঙ্কের পেটে ছুরি ঢুকিয়ে দেন। তিনি বাঁচানোর জন্য চিৎকার শুরু করতেই পালিয়ে যান প্রতাপ। স্থানীয়েরাই শশাঙ্ককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর দেওয়া হয় পুলিশকেও। শশাঙ্ক এ যাত্রায় বেঁচে গিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত। শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে প্রিয়া এবং প্রতাপকে গ্রেফতার করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ