৫০ কোটি মানুষ চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন, মাওবাদী কার্যকলাপ নির্মূল : নরেন্দ্র মোদি
গত ১২-১৩ বছরে দেশের অন্তত ৫০ কোটি মানুষকে চরম দারিদ্রসীমার উপরে তুলে এনেছে সরকার। মাওবাদী কার্যকলাপও নির্মূল হয়েছে। বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সেই সাফল্যের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, এগুলি তাঁর সরকারের অন্যতম বড় সাফল্য। বিশেষত আদিবাসী সমাজের কল্যাণে এই দুই সাফল্যের গুরুত্ব অনেক বেশি।
মহারাষ্ট্রের গঢ়চিরৌলিতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনজাতি গৌরব দিবস পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে রবিবার ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মোদী। জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী গত ১২-১৩ বছরে ভারতের ৫০ কোটি মানুষ চরম দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ভারত সরকারের অন্যতম বড় সাফল্য এটি। তবে এতে কোনও একটি সরকারের একার কৃতিত্ব নেই। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নীতির পাশাপাশি সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে, মত প্রধানমন্ত্রীর।
সাফল্যের নেপথ্যে কেন্দ্রের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেছেন মোদী। আদিবাসী সমাজের উন্নয়নের লক্ষ্যে জনমন প্রকল্প, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের জন্য তাঁর সরকার এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। এ ছাড়া, দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্র পরিবারগুলির জন্য চার কোটি বাড়ি নির্মাণ, ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া, আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকারের নীতি প্রথম থেকেই কঠোর, জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘নকশাল হিংসায় সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আদিবাসীদের। ২০১৪ সালে অন্তত ১২৫টি গ্রামে এই সমস্যা ছিল। প্রতি বছর প্রচুর সংখ্যক হিংসাত্মক ঘটনার কথা শোনা যেত। অনেক মানুষ মারা যেতেন। আগের সরকার আদিবাসীদের জন্য কিছুই করেনি। মাওবাদীরা সাধারণ মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে বার বার। জোর করে মায়ের কোল থেকে সন্তানকে কেড়়ে নেওয়া হয়েছে। আজ মাওবাদ শেষ। এর ফলে ক্ষতিগ্রস্তেরাও এখন চাকরি, শিক্ষার সুযোগসুবিধা পাচ্ছেন।’’

