স্কুলের চারতলা থেকে ‘ঝাঁপ’! কোমায় অষ্টম শ্রেণির ছাত্র! চাঞ্চল্য দমদমে!
বাংলার জনরব ডেস্ক : দমদমের নাগেরবাজারে স্কুলের চারতলা থেকে ‘ঝাঁপ’ দিয়ে গুরুতর আহত হল এক পড়ুয়া। অষ্টম শ্রেণির ওই পড়ুয়া বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে। সূত্রের খবর, মস্তিষ্কে মারাত্মক আঘাতের জেরে কোমায় চলে গিয়েছে সে। গুরুতর চোট রয়েছে শিরদাঁড়া-সহ শরীরের একাধিক জায়গায়।
কী ভাবে এই ঘটনা ঘটল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। ১৪ বছর বয়সি ওই ছাত্র আর পাঁচটা দিনের মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিল। শুরুতে বেশ কয়েকটি ক্লাসও করে সে। পুলিশ সূত্রে খবর, এ দিন স্কুলে অলিম্পিয়াডের পরীক্ষা ছিল। স্কুলের যে ভবনে ওই ছাত্রের শ্রেণিকক্ষ, তার পাশের ভবনে ছিল পরীক্ষা। সেখানে পরীক্ষাও দিতে গিয়েছিল সে। তার পরে নিজের শ্রেণিকক্ষে ফেরার সময়েই ভবনের চারতলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র।
হাসপাতাল সূত্রে খবর, চারতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে তার মস্তিষ্ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্তিষ্কের রক্ষক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত তার অস্ত্রপচার করা হয়। কিন্তু মাথার আঘাত এতটাই গুরুতর যে ওই পড়ুয়া বর্তমানে কোমায় রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনা প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি নাগেরবাজারের ওই স্কুল কর্তৃপক্ষ। তবে ওই স্কুল সূত্রে খবর, পরীক্ষা দিয়ে শ্রেণিকক্ষে ফেরার সময়ে ভবনের চারতলায় এক সহপাঠিনীর সঙ্গে কথা বলছিল ছাত্র। পরীক্ষা কেমন হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করেছিল ওই সহপাঠিনী। ছাত্রও বলেছিল পরীক্ষা ভাল হয়েছে। স্কুলের ওই সূত্রের দাবি, এর পরেই ওই ছাত্র তার সহপাঠিনীর কাছে জানতে চায় চারতলা থেকে ঝাঁপ দিলে কী হবে! তখন সহপাঠিনীও তাকে এ সব কথা বন্ধ করে সিঁড়ি দিয়ে নীচে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু এরই মধ্যে সহপাঠিনীর সামনেই ওই ছাত্র চারতলা থেকে ঝাঁপ দিয়ে দেয় বলে দাবি স্কুলের ওই সূত্রের।
নাগেরবাজারের স্কুলের ওই সূত্রের দাবি, ছাত্রের চিকিৎসার সব খরচ বহন করেছেন স্কুল কর্তৃপক্ষ। তার বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে। অভিভাবকদের সম্মতি নিয়েই অস্ত্রোপচার করা হয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনও স্কুলে ঘটেনি বলেই দাবি তাঁদের। কর্তৃপক্ষের বক্তব্য, ইতিমধ্যে ওই সহপাঠিনীর সঙ্গে কথা বলেছেন তাঁরা। তাতে পারিবারিক কোনও সমস্যা থেকেই ছাত্র এই পদক্ষেপ করে থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে ওই স্কুলে পৌঁছোন দমদম থানার পুলিশকর্মীরাও। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার প্রসঙ্গে তথ্য সংগ্রহ করেন তাঁরা। স্কুল চত্বরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। দমদম থানা সূত্রে খবর, ওই ছাত্র স্কুলের চারতলা থেকে ঝাঁপ দিয়েছে বলেই মনে করছে পুলিশ। পুলিশের ওই সূত্র জানাচ্ছে, মস্তিষ্কের পাশাপাশি শিরদাঁড়া-সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে ছাত্রের। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

