জেলা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার শীর্ষ কৃতীদের নিয়ে কাউন্সেলিং ও আগামী বর্ষের দিনক্ষণ ঘোষণা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোস্তাক হোসেনের সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে নিঃস্বার্থ অবদানকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ’ পরীক্ষার শীর্ষ কৃতীদের নিয়ে এক বিশেষ কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হল। গত রবিবার, ১৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুরের হরিপুরের ‘বেস আন-নূর মডেল স্কুল’-এর গার্লস সেকশনে ‘ইগনাইট দ্য ইয়ং মাইন্ডস’ শীর্ষক এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। একই মঞ্চ থেকে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এবছর এই প্রতিভা অন্বেষণ পরীক্ষাটি তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারের প্রতিযোগিতার প্রথম পর্বে মোট ৮,৩৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে বাছাই করা ১,৮৯৩ জনকে নিয়ে দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় পর্বে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ১৯৮ জন ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ, মোটিভেশনাল মেডেল ও সার্টিফিকেট দিয়ে আগেই সম্মানিত করা হয়েছিল।

উত্তীর্ণ সেই কৃতীদের মধ্যে থেকে শীর্ষস্থানীয় ৫৮ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে রবিবারের এই বিশেষ কাউন্সেলিং শিবিরের আয়োজন করা হয়। কৃতী পড়ুয়াদের কার কোন বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে তা চিহ্নিত করা এবং ভবিষ্যতে সঠিক দিশা দেখানোই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এদিন পড়ুয়াদের সঙ্গে তাদের বাবা-মা ও ভাইবোনেরাও উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ কাউন্সেলররা প্রতিটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক পথনির্দেশ দেন। এই উদ্যোগে অভিভাবকেরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড.বীরেন্দ্রনাথ দাস। এদিন কাউন্সেলর হিসেবে উপস্থিত ছিলেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, লেখিকা ও শিক্ষিকা সাইয়্যেদা কানিজ মোস্তফা, বিশিষ্ট লেখক ফরিদ হোসেন, তামীম ইসলাম, সোহেল ইকবাল, আনিসুর রহমান এবং নাফিসা ইসমাত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন আইয়ুব আনসার, ফাইজুর রহমান ও খাদেমুল ইসলাম।

অনুষ্ঠান শেষে খাদেমুল ইসলাম ঘোষণা করেন যে, ‘অনুসন্ধান সোসাইটি’ এবং ‘চেকমেট কেরিয়ার’-এর সহযোগিতায় আগামী বছর এই পরীক্ষা আরও বড় আকারে ও সমারোহে আয়োজিত হবে। তিনি জানান, তৃতীয় থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য আগামী ২০২৭ সালের পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১ জুলাই থেকে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় এই পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট ২০২৭ এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে ১২ সেপ্টেম্বর ২০২৭ তারিখে। পরীক্ষার কো-অর্ডিনেটর গোলাম রব্বানী আশাপ্রকাশ করে জানিয়েছেন, আগামী বর্ষে এই প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ