কলকাতা 

বেসরকারি স্কুলগুলোর উপর নজরদারি করতে কমিশন গড়ছে রাজ্য সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বেসরকারি স্কুলগুলোর পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা এবং বেতন কাঠামো নিয়ে রাজ্য সরকার আলাদা একটি কমিশন তৈরি করতে চলেছে। ইতিমধ্যেই এই কমিশনের ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভা দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে একজন বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠিত হবে।

বিকাশ ভবন সূত্রে খবর, এক জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে এই কমিশন গঠন করা হবে। যেখানে থাকবেন রাজ্য সরকারের বেশ কয়েক জন প্রতিনিধিও। তাঁরা বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বেসরকারি স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশও করতে পারবে এই কমিশন। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও থাকবে। শিক্ষা দফতর সূত্রে খবর, ‘প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ নামে গঠিত হবে এই কমিটি।

প্রশাসন সূত্রে খবর, ২০২০ সালে কোভিডের সময় বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিভাবকেরা ব্যাপক হারে অভিযোগ করতে শুরু করেন। লকডাউনের জেরে বিভিন্ন অফিস, ব্যবসা-সহ সব কিছু বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। সেই সময়তে বেসরকারি স্কুলগুলি তাদের ফি কোনও ভাবেই কমাতে রাজি হচ্ছিল না বলে অভিযোগ করছিলেন অভিভাবকেরা। এমনকি ওই সময় ফি না দেওয়ায় বহু বেসরকারি স্কুল ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে অনুমতি দিচ্ছিল না। স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। বেশ কিছু স্কুলে গিয়ে বিক্ষোভও দেখানো হয়েছিল। ফলে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে সমস্যা মেটাতে অনেক সময় হস্তক্ষেপ করতে হয়েছিল প্রশাসনকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেগুলেটরি কমিশন গঠনের বিষয়ে কাজ শুরু করে শিক্ষা দফতর। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে বলেই বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে। তাই আগামী কয়েক দিনের মধ্যেই ‘প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ চালু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই কমিশন গঠন হয়ে গেলে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পদক্ষেপ করতে পারবে রাজ্য সরকার। এর আগে বেসরকারি হাসপাতালগুলির ওপর নজরদারি করতে এই ধরনের রেগুলেটরি কমিশন গঠন করেছে রাজ্য। সে ক্ষেত্রেও এক জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখেই এগিয়েছে স্বাস্থ্য রেগুলেটরি কমিশন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ